বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতি? এবার এক ক্লিকেই সরাসরি অভিযোগ জানানোর নতুন নিয়ম!
বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথোলজিক্যাল সেন্টারে চিকিৎসার পরিষেবা নিয়ে অসন্তোষ বা অভিযোগ জানানোর প্রক্রিয়াকে এবার রোগীদের জন্য আরও সহজ ও স্বচ্ছ করল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্টকে আগামী ৭ দিনের মধ্যে তাদের প্রাঙ্গণে সহজে নজর কাড়ে এমন জায়গায় একটি বড় আকারের ব্যানার বা হোর্ডিং বাধ্যতামূলকভাবে টাঙাতে হবে। কমিশনের শর্ত মেনে সেই ব্যানারের ব্যাকগ্রাউন্ড হতে হবে কমলা রঙের এবং লেখা হতে হবে সাদা রঙে, যা বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই লেখা থাকবে। অভিযোগ জানানোর জন্য ২৪×৭ হেল্পলাইন নম্বর ১৮৬০-৩৪৫-৩৫১২ ছাড়াও ই-মেল, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং ডাকযোগে পাঠানোর ঠিকানা সেখানে উল্লেখ করতে হবে।
এই নতুন নিয়ম সঠিকভাবে বাস্তবায়িত করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলা স্তরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের (CMOH) বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি সংস্থাকে ব্যানার টাঙানোর পর তার ছবি তুলে সরাসরি কমিশনের কাছে প্রমাণের জন্য পাঠাতে হবে। অন্যদিকে, এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের শৌচালয় থেকে এক কর্তব্যরত নার্সের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক অনুমান, অ্যানাস্থেশিয়া-সংক্রান্ত ওষুধের অতিরিক্ত ডোজ প্রয়োগের ফলে আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে, যদিও সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। এন্টালি থানার পুলিশ ঘটনার সময় দায়িত্বে থাকা চারজন নার্সকে একসাথে জিজ্ঞাসাবাদ করছে এবং এ বিষয়ে ইতিমধ্যেই কথা বলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।