কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! দক্ষিণবঙ্গ জুড়েই চরম বৃষ্টির লাল সতর্কতা!

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে ক্যানিংয়ের নিকটবর্তী এলাকায় এবং কলকাতা থেকে মাত্র ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এটি উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে কলকাতার খুব কাছ দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডে প্রবেশ করবে। এর প্রভাবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতিভারী বর্ষণের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা কিছু এলাকায় চরম আকার ধারণ করতে পারে।
এই পরিস্থিতিতে উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে পৌঁছাতে পারে এবং অন্যান্য জেলায় ঝড়ের গতি থাকবে ৩০ থেকে ৪০ কিমি। পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হতে পারে। জরুরি দরকারে বাইরে বের হলে সাধারণ মানুষকে গাছপালা ও বিদ্যুতের খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।