নিচুতলায় বিচ্যুতি আর বরদাস্ত নয়! মোদি-শাহের কড়া নির্দেশে বাংলায় শুরু হচ্ছে বিশেষ পার্টি ক্লাস

রাজ্যে ক্ষমতায় আসার পর দলের নিচুতলায় শৃঙ্খলাভঙ্গ এবং আদর্শচ্যুতির ঘটনা নজরে আসতেই কঠোর পদক্ষেপের পথে হাঁটল বিজেপি। দলের ভাবমূর্তি রক্ষা করতে এবং নতুন পরিস্থিতিতে নেতা-কর্মীদের দায়িত্ব ও কর্তব্য বোঝাতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এই শিবিরে রাজ্যের প্রায় সাড়ে তিনশো বাছাই করা নেতাকে প্রশিক্ষণ দেবেন মোদি-শাহের প্রেরিত কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্যের শীর্ষ নেতারা। আগামী ১৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই কর্মশালায় শিবপ্রকাশ, সুনীল বনশল এবং মঙ্গল পাণ্ডের মতো কেন্দ্রীয় নেতারা ক্লাস নেবেন।
এই প্রশিক্ষণপ্রাপ্ত সাড়ে তিনশো প্রতিনিধি পরবর্তীতে জেলায় জেলায় গিয়ে স্থানীয় স্তরের নেতৃত্বকে দীক্ষা দেবেন। আগামী ২২ থেকে ৩০ আগস্ট পর্যন্ত প্রতিটি জেলায় এক রাত ও দুই দিনের এই বিশেষ শিবির অনুষ্ঠিত হবে। মূলত দলের মূল আদর্শ, দলীয় শৃঙ্খলা এবং নতুন পরিস্থিতিতে করণীয় কাজ শেখানোই এর মূল লক্ষ্য। উল্লেখ্য, ক্ষমতার পালাবদলের পর থেকেই দলের একাংশের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ ওঠায় রাজ্যজুড়ে ইতিমধ্যেই কঠোর সাংগঠনিক পদক্ষেপ শুরু হয়েছে।