স্বাধীনতা দিবসে বিশেষ সম্মান আইপিএস দময়ন্তী সেনের মুকুটে! আর কারা পেলেন পদক?

আগামী ১৫ আগস্ট ৮০তম স্বাধীনতা দিবসে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেতে চলেছেন বিশিষ্ট আইপিএস অফিসার দময়ন্তী সেন। তাঁর সঙ্গে এই মর্যাদাপূর্ণ ‘Chief Minister’s Medal for Outstanding Service’ পদকের জন্য মনোনীত হয়েছেন আরও পাঁচ পুলিশ আধিকারিক। কর্মক্ষেত্রে পেশাদারিত্ব ও দক্ষতার নিরিখে মোট চৌদ্দ জন আইপিএস অফিসারকে এই বিশেষ পদকে ভূষিত করা হচ্ছে, যার মধ্যে ছয় জন পাবেন অসামান্য অবদানের স্বীকৃতি এবং বাকিরা প্রশংসনীয় কাজের জন্য সম্মানিত হবেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রধান পদক প্রাপকদের মধ্যে অজয় কুমার, নীরজ কুমার সিং, জয়রামন, প্রণব কুমার ও কুণাল আগরওয়াল স্থান পেয়েছেন। এছাড়াও প্রশংসনীয় কাজের জন্য পদক পাচ্ছেন প্রেসিডেন্সি বিভাগের আইজি কঙ্কর প্রসাদ বারুই, চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভরত, কলকাতার যুগ্ম কমিশনার সূর্য প্রতাপ যাদবসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার ও কমিশনাররা। স্বাধীনতা দিবসের এই রাষ্ট্রীয় সম্মান রাজ্য পুলিশ প্রশাসনের মুকুটে নতুন মাত্রা যোগ করবে।