কন্যারত্নে দ্বিগুণ অনুদান! স্কুলছাত্রীরা এবার কত টাকা করে পাবে?

তৃণমূল আমলের কন্যাশ্রী প্রকল্পের নাম বদলে রাজ্যে চালু হয়েছে ‘কন্যারত্ন’ প্রকল্প। শুক্রবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের অনুদান দ্বিগুণ করার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের সঙ্গে বাংলাকে যুক্ত করার পাশাপাশি স্কুলছাত্রীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সুবিধার কথা ঘোষণা করা হয়। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলছাত্রীরা বার্ষিক এক হাজার টাকার পরিবর্তে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে বলে জানানো হয়েছে।
রাজ্য সরকারের এই নতুন ঘোষণায় ২০ লক্ষ ১৩ হাজার ছাত্রী উপকৃত হবে এবং এর জন্য আজই চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি বছরে ছাত্রীরা এক হাজার টাকা করেই পাবে, যা আগামী বছর থেকে বৃদ্ধি পাবে। পাশাপাশি স্কুলছাত্রীদের সুরক্ষার জন্য ১৮১ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এবং উচ্চশিক্ষারত ছাত্রীদের জন্য এককালীন পঁচিশ হাজার টাকার বিবেকানন্দ মেরিট স্কলারশিপের ব্যবস্থাও রাখা হয়েছে। সরকারের এই পদক্ষেপে ছাত্রীদের পড়াশোনা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।