মৃত্যুর মুখ থেকে ফেরে এয়ার ইন্ডিয়া বিমান! ৪ সেকেন্ডের জন্য বিকল হয়েছিল নিয়ন্ত্রণ ব্যবস্থা!

গত ৪ অগস্ট ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এআই২৩৭৯ উড়ানে ঘটে যাওয়া ভয়ংকর অভিজ্ঞতার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ব্ল্যাক বক্স বা ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার পরীক্ষার পর জানা গিয়েছে, মাঝআকাশে হঠাৎ এক ধাক্কায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার সময় মাত্র চার সেকেন্ডের জন্য বিমানটির লিফট, আইলরন এবং হাইড্রলিকসসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি সম্পূর্ণ কার্যক্ষমতা হারিয়েছিল। ফলে ১৩৭ জন যাত্রী ও আট জন বিমানকর্মী নিয়ে বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল এয়ারবাসের ওই এ-৩২০ জেটলাইনারটি।
এই আকস্মিক ঝাঁকুনি ও নিয়ন্ত্রণহীনতার কারণে বিমানে থাকা অন্তত ২৪ জন যাত্রী গুরুতর জখম হন। যাত্রীদের অভিযোগ, কোনো পূর্ব সতর্কবার্তা বা টার্বুল্যান্সের ঘোষণা ছাড়াই বিমানটিতে এই বিপর্যয় নেমে আসে। বর্তমানে ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণের পাশাপাশি ককপিটের তৎকালীন পরিস্থিতি, কো-পাইলটের পদক্ষেপ এবং ক্যাপ্টেনের ডোপ টেস্টের ফলাফল সংক্রান্ত প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে।