মুর্শিদাবাদে চার শিশুকে কুপিয়ে খুন! মামার ঘর থেকে মিলল মানসিক চিকিৎসার ওষুধ, আসল রহস্য কী?

মুর্শিদাবাদের সুতিতে চার শিশুকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বিকেলের এই মর্মান্তিক হামলায় পাঁচ থেকে বারো বছর বয়সি তিন শিশুর মৃত্যু হয়েছে এবং ছয় বছরের একটি মেয়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর অভিযুক্ত ২১ বছরের গোলাম সারওয়ার ওরফে বাদশাহ নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নেশাগ্রস্ত ছিলেন না এবং যে ধর্ষণের অভিযোগ উঠছে, তার প্রাথমিক সত্যতাও মেলেনি। তবে ধৃতের ঘর থেকে মানসিক অবসাদের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ও প্রেসক্রিপশন উদ্ধার করা হয়েছে।
পরিবারের দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও চিকিৎসাধীন ছিলেন। কিন্তু পুলিশ বিষয়টিকে স্রেফ মানসিক অসুস্থতা বলে উড়িয়ে না দিয়ে পুরনো শত্রুতা, আক্রোশ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক। তার চিকিৎসায় একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রয়োজনে মানসিক রোগ বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার কথা ভাবছে।