১৯৪৭-এ মোদি থাকলে ভাগ হতো না ভারত! কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বিস্ফোরক যোগী

‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ উপলক্ষে লখনউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেশভাগের ঐতিহাসিক ট্রাজেডির জন্য সরাসরি কংগ্রেসকে দায়ী করেছেন। তিনি দাবি করেন, ১৯৪৭ সালে স্বাধীনতার সময় যদি নরেন্দ্র মোদি বা সর্দার বল্লভভাই প্যাটেলের মতো নেতৃত্ব ভারতের ক্ষমতায় থাকতেন, তবে কেউ দেশের অখণ্ডতা বিনষ্ট করতে পারত না। কংগ্রেসের নীতি ও ক্ষমতার প্রতি অতিরিক্ত মোহকেই দেশভাগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
বাংলা ভাগের প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, ক্ষমতার লোভে কংগ্রেস বহু হিন্দু অধ্যুষিত এলাকা তৎকালীন পূর্ব পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল। কেবল রাজনৈতিক ভোটব্যাঙ্ক রক্ষার স্বার্থেই দলটিকে ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপট থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া নির্যাতনের বিষয়ে নীরব থাকতে দেখা গেছে। দেশের সুরক্ষার চেয়ে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিরোধী দলকে তীব্র ভাষায় বিদ্ধ করেন তিনি।