রেড রোডে ইতিহাস, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার স্বাধীনতা দিবসের পতাকো উত্তোলন শুভেন্দুর!

এবারের ৮০তম স্বাধীনতা দিবস পশ্চিমবঙ্গের ইতিহাসে এক বিশেষ তাৎপর্য বহন করছে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম উদযাপিত হচ্ছে ১৫ আগস্টের রাজ্যস্তরের মূল সরকারি অনুষ্ঠান। আর এই ঐতিহাসিক মুহূর্তে কলকাতার রেড রোডে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করলেন শুভেন্দু অধিকারী।
পতাকা উত্তোলনের পর রেড রোডের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান চত্বরে আকাশপথে হেলিকপ্টার থেকে চালানো হয় পুষ্পবৃষ্টি। কুচকাওয়াজ শুরু হওয়ার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানান তিনি।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ও পুলিশ পদক প্রদান:
রেড রোডের এই বিশেষ মঞ্চ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, কর্মক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য আইপিএস (IPS) দময়ন্তী সেনসহ রাজ্যের একাধিক কৃতী পুলিশ আধিকারিককে বিশেষ পদকে সম্মানিত করা হয়। উল্লেখ্য, এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যজুড়ে প্রায় ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে।
দূরদর্শনে বিশেষ বার্তা:
স্বাধীনতা দিবস উদযাপনে যুক্ত হয়েছে আরও এক ঐতিহাসিক অধ্যায়। ২০০৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পর এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দূরদর্শনের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। দূরদর্শন কলকাতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লালকেল্লার ভাষণের ঠিক পরেই সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বিশেষ বার্তা।