রুপোর মুদ্রায় কুস্তির প্যাঁচ! ২৪০০ বছর পুরনো রহস্যময় মল্লযোদ্ধার দেহাবশেষ উদ্ধার

তুরস্কের ঐতিহাসিক শহর অ্যাসপেনডসে খননকার্য চালানোর সময় আবিষ্কৃত হয়েছে ২৪০০ বছর পুরনো একটি অক্ষত পাথরের কফিন। প্রত্নতাত্ত্বিকদের এই চমকপ্রদ আবিষ্কারে মাটির তলা থেকে উদ্ধার হয়েছে এক প্রাচীন মল্লযোদ্ধার প্রকাণ্ড কঙ্কাল, কালচক্রে যা প্রায় পাথরে পরিণত হয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে কফিনের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু প্রাচীন রূপোর মুদ্রা। যেগুলির গায়ে নিপুণভাবে খোদাই করা রয়েছে দু’জন মল্লযোদ্ধার লড়াইয়ের রোমাঞ্চকর দৃশ্য। আড়াই হাজার বছর আগের এই প্রত্নসামগ্রী গবেষকদের এক লহমায় প্রাচীন ক্রীড়াবিশ্বে নিয়ে গেছে।
গত ১০ আগস্ট তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় এই কঙ্কাল উদ্ধারের খবর জানানো হয়। খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের এই যুগে অ্যাসপেনডস ছিল কুস্তির অন্যতম প্রধান প্রাণকেন্দ্র। কফিনের ভেতর থেকে পাওয়া স্মারক ও মুদ্রার অলঙ্করণ দেখেই গবেষকেরা নিশ্চিত হয়েছেন যে, মৃত ব্যক্তি তৎকালীন যুগের এক খ্যাতনামা কুস্তিগির ছিলেন। ক্রীড়াবিদের প্রতি চরম সম্মান জানাতেই তাঁর প্রিয় লড়াইয়ের প্রতীক খোদাই করা মুদ্রা দিয়ে তাঁকে সমাধিস্থ করা হয়েছিল। মাটির গভীরে লুকিয়ে থাকা এই আবিষ্কার ক্রীড়াইতিহাসের গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।