জেলে শিক্ষামন্ত্রী থেকে রেশনমন্ত্রী! পুজোয় আসছে বহুরূপীর ধামাকা সিক্যুয়েল!

স্বাধীনতা দিবসের সকালে প্রকাশ্যে এল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র টিজার। মুক্তির পরই সামাজিক মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে এই ঝলক। টিজারের শুরুতেই বিক্রম প্রামাণিকের চরিত্রে শিবপ্রসাদের কণ্ঠে শোনা যায় এক দুর্নীতিগ্রস্ত সিস্টেমের প্রতি কড়া কটাক্ষ। জেলে জেরার মুখে ইনস্পেক্টর অয়ন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যিশু সেনগুপ্তর মুখোমুখি হয়ে তিনি বলেন, এক নম্বর সেলে শিক্ষামন্ত্রী, দুই নম্বরে সেচমন্ত্রী আর তিন নম্বরে রেশনমন্ত্রী! ২৭টি ব্যাঙ্ক ডাকাতির মতো চাঞ্চল্যকর অপরাধের কথা স্বীকার করে তাঁর এই সংলাপ ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা।
চব্বিশ সালের পুজোয় বক্স অফিসে ইতিহাস গড়ার পর এবার আরও বড় পরিসরে ফিরছে এই ফ্র্যাঞ্চাইজি। টিজারে শিবপ্রসাদ ও যিশুর এই সম্মুখ সমরে বাড়তি মাত্রা যোগ করেছে ঝিমলি ও বিক্রমের রসায়ন, যেখানে ঝলক মিলেছে সোহিনী সরকারেরও। আগামী ১৫ অক্টোবর পুজোর পর্দায় মুক্তি পেতে চলা এই সিনেমাটি নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে।