কাজে ফাঁকি দিলে সোজা সুন্দরবন! পুরুলিয়ার আমলাদের কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের!

সরকারি কাজে ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না, স্পষ্ট ভাষায় এমন হুশিয়ারি দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। গত শুক্রবার পুরুলিয়া জেলা সফরে গিয়ে প্রশাসনিক কাজকর্মের শ্লথ গতি দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং রাষ্ট্রমন্ত্রী নদিয়ারচাঁদ বাউড়ি। বৈঠকে সাফ জানানো হয়, দপ্তরে সঠিকমতো কাজ না করে রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকলে আমলাদের রেয়াত করা হবে না। জেলার উন্নয়নমূলক কাজের গতি যে কোনোভাবেই বাড়াতে হবে, তা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়।
এদিনের বৈঠকে পুরুলিয়ার উন্নয়নমূলক কাজের পিছিয়ে পড়া চিত্র দেখে ক্ষোভ উগরে দেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, কাজের পরিবেশ ঠিক না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, কাজের গতি বাড়াতে প্রয়োজনে ডিএমকে ছাড়াই সরাসরি ব্লকে ও পঞ্চায়েতে পরিদর্শনে যাবেন তিনি। প্রশাসনিক কাজে অবহেলা বা ফাঁকি দিলে সোজা সুন্দরবনে পাঠানোর মতো কড়া হুঁশিয়ারি দেন তিনি।