লালকেল্লায় মোদীর মাস্টারস্ট্রোক! স্বাধীনতা দিবসে ঘোষিত ‘সপ্তধারা’য় ২০৪৭-এর স্বপ্ন কীভাবে হবে বাস্তব?

দেশের স্বাধীনতা দিবসে লালকেল্লার ঐতিহাসিক প্রাচীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ বা উন্নত ভারত গড়ার এক যুগান্তকারী রূপরেখা তুলে ধরলেন। প্রাচীন সভ্যতার ‘সপ্তসিন্ধু’র ভাবনায় অনুপ্রাণিত হয়ে তিনি ঘোষণা করেন ‘শক্তি কি সপ্তধারা’। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এই সাতটি বিশেষ স্তম্ভকে মূল চালিকাশক্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। মোদীর মতে, বিগত সাত দশকে যা অধরা ছিল, এই বিশেষ নীতির শক্তিতেই তা বাস্তবায়িত হতে চলেছে।
এই ‘সপ্তধারা’ মূলত অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের এক সমন্বিত মেগা প্ল্যান। বিশ্ববাজারে ভারতীয় পণ্য পৌঁছে দিতে ম্যানুফ্যাকচারিং ও কৃষি খাতকে আন্তর্জাতিক মানের করা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেড-ইন-ইন্ডিয়া ৬জি প্রযুক্তির প্রসার, গতিশক্তি ও বন্দরভিত্তিক বাণিজ্য বাড়ানো এর অন্যতম লক্ষ্য। পাশাপাশি প্রতিরক্ষা খাতে স্বাবলম্বী হয়ে অস্ত্র রফতানি, গ্রিন ও ব্লু ইকোনমির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ভারতের যোগ-আয়ুর্বেদের মতো সফট পাওয়ারকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠাই এর মূল ভিত্তি। ভারতের যুবশক্তিকে কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের আগেই উন্নত ভারত গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।