পড়াশোনার ধরনে বিরাট বদল! প্রথম থেকে দ্বাদশ শ্রেণীতে আসছে নতুন সিলেবাস?

রাজ্যের স্কুল পড়ুয়াদের পড়াশোনার চাপ কমাতে এবং মুখস্থ বিদ্যার প্রবণতা দূর করতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিলেবাসে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বিষয়ভিত্তিক গভীর ধারণা বাড়াতে এই সংস্কার করা হচ্ছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি এই পাঠ্যক্রম পর্যালোচনার কাজ চালাচ্ছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে একটি বিশেষ আবাসিক কর্মশালার মাধ্যমে চূড়ান্ত খসড়া তৈরির প্রক্রিয়া শুরু হবে।
আগামী শিক্ষাবর্ষের আগেই নতুন পাঠ্যক্রম অনুযায়ী বই প্রস্তুত করার কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ছাপার জন্য বই পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং ১ ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী বছরের ২ জানুয়ারির মধ্যে রাজ্যের প্রতিটি স্কুলে নতুন বই পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। পাঠ্যবইয়ে অতিরিক্ত পরিবর্তন না এনে শিক্ষার মান উন্নত করা এবং প্রাইভেট টিউশনের ওপর শিক্ষার্থীদের নির্ভরতা কমানোই এই নতুন সংস্কারের মূল লক্ষ্য।