অনেকে চায় না ভারত বিশ্বগুরু হোক! স্বাধীনতা দিবসে বড় বার্তা মোহন ভাগবতের

অনেকে চায় না ভারত বিশ্বগুরু হোক! স্বাধীনতা দিবসে বড় বার্তা মোহন ভাগবতের

স্বাধীনতা দিবসে দেশকে সমৃদ্ধ, নিরাপদ ও শক্তিশালী করে তোলার ওপর বিশেষ জোর দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। নাগপুরে সঙ্ঘের সদর দফতরে ৮০তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি দেশবাসীর উদ্দেশে এক তাৎপর্যপূর্ণ ভাষণ দেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানান, বহু মানুষ ও শক্তি ভারতের বিশ্বগুরু হওয়ার লক্ষ্যের বিরুদ্ধে কাজ করে চলেছে। ১৮৫৭ সাল থেকে শুরু করে টানা ৯০ বছরেরও বেশি সময়ের সংগ্রাম ও আত্মবলিদানের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, পূর্বপুরুষদের এই ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা প্রতিটি দেশবাসীর প্রধান দায়িত্ব।

ভাষণে বীর সাভারকরের উদ্ধৃতি দিয়ে সঙ্ঘপ্রধান বলেন, স্বাধীনতার অর্থ দেশের মাঝে সমস্ত উৎকর্ষ, মহত্ব ও পরম মধুর বিষয়ের প্রতিষ্ঠা করা। এছাড়া জাতীয় পতাকার তিন রঙের তাৎপর্য তুলে ধরে তিনি জানান, গেরুয়া রং আত্মত্যাগ ও নিষ্ঠার, সাদা রং পবিত্রতা ও শৃঙ্খলার এবং সবুজ রং সমৃদ্ধির প্রতীক। দেশের নীতির সঙ্গে কোনো অবস্থাতেই আপস না করে দেশমাতৃকার সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *