সব জল্পনা উড়িয়ে অবশেষে প্রথম ভারত সফরে আসছেন তারেক রহমান!
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান চলতি মাসেই তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারত আসতে পারেন। কূটনৈতিক সূত্রে প্রকাশ, আগামী ২০ থেকে ২৫ অগাস্টের মধ্যে এই সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। মূলত ২০-২১ কিংবা ২১-২২ অগাস্ট—এই দুটি সম্ভাব্য সময় নিয়ে দুই দেশের কর্মকর্তারা মতবিনিময় করছেন। ঢাকায় ভারতের হাইকমিশনারের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পরেই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হতে পারে। তবে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এই সম্ভাব্য সফরের নেপথ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক প্রেক্ষাপট। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তাঁর কিছু মন্তব্য এবং ভার্চুয়াল বৈঠককে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। এমনকি সাম্প্রতিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকেও শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানানো হয়েছে। এই জটিল রাজনৈতিক সমীকরণের মধ্যেই তারিক রহমানের আসন্ন দিল্লি সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।