জ্বালানি রফতানিতে স্বস্তি: পেট্রোল-ডিজেলে উইন্ডফল ট্যাক্স কমাল কেন্দ্র, পেট্রোল পাম্পে কি কমবে দাম?

খাস খবর: আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট ও অস্থিরতার মধ্যেই দেশীয় রফতানিকারকদের জন্য বড় স্বস্তির খবর দিল কেন্দ্র। পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF) রফতানির ওপর ‘উইন্ডফল ট্যাক্স’ (Windfall Tax) বা বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক এক ধাক্কায় অনেকটাই কমিয়ে এনেছে সরকার। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন করের হার শনিবার থেকেই কার্যকর করা হয়েছে।
শুল্কে কী কী পরিবর্তন আনা হলো?
- এভিয়েশন ফুয়েল (ATF): বিমান চলাচলের জ্বালানির রফতানি কর প্রতি লিটারে ২.৫ টাকা কমিয়ে ১৯.৫ টাকা করা হয়েছে।
- পেট্রোল ও ডিজেল: পেট্রোল রফতানির ওপর বিশেষ কর কমিয়ে একদম ‘শূন্য’ করা হয়েছে। পাশাপাশি ডিজেল রফতানিতে প্রতি লিটারের ১.৫ টাকার ‘রোড অ্যান্ড ইনফোস্ট্রাকচার সেস’ তুলে নিয়ে শূন্য করা হলেও, মূল রফতানি শুল্ক ২৪ টাকাই অপরিবর্তিত থাকছে।
আপনার শহরের পাম্পে দাম কি কমবে? আমজনতার জন্য সরাসরি পাম্পে পেট্রোল-ডিজেলের দামে আপাতত কোনো পরিবর্তন আসছে না। কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্কে কোনো বদল করা হয়নি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পর্যালোচনা করে প্রতি ১৫ দিন অন্তর এই উইন্ডফল ট্যাক্স সংশোধন করা হয়।
আজ দেশের বড় শহরগুলিতে জ্বালানির দাম: বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও ভারতের মেট্রো শহরগুলিতে আজ জ্বালানির দর স্থিতিশীল রয়েছে:
- কলকাতা: পেট্রোল প্রতি লিটার ১১৩.৭৬ টাকা, ডিজেল প্রতি লিটার ১০০.০৯ টাকা।
- দিল্লি: পেট্রোল প্রতি লিটার ১০২.১২ টাকা।
- মুম্বই: পেট্রোল প্রতি লিটার ১১১.০২ টাকা।