টিটিপি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ! বেঙ্গালুরু থেকে ধৃত বাংলার যুবক, আফগানিস্তান যাওয়ার ছক নিয়ে শোরগোল

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আসাফুল মালিককে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর মতো নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগে তাকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, বেঙ্গালুরুর জিগানি শিল্পাঞ্চলের একটি সংস্থায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন আসাফুল। অনলাইনে তার সন্দেহজনক গতিবিধি নজরে আসার পরই পুলিশ অভিযানে নামে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।
তদন্তকারীদের দাবি, জেরায় আসাফুল স্বীকার করেছেন যে সমাজমাধ্যমে ইমরান হায়দার নামে এক ব্যক্তির সংস্পর্শে এসে তিনি টিটিপি-র সঙ্গে জড়িয়ে পড়েন। মূলত পাকিস্তানের পরিস্থিতির প্রতি ক্ষোভ থেকেই তিনি এই পথে পা বাড়ান। শুধু যোগাযোগ নয়, আফগানিস্তানে পাড়ি দেওয়ার জন্য আসাফুল ভিসার আবেদনও করেছিলেন বলে অভিযোগ। যদিও আর্থিক সংকটের কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হয়। বর্তমানে তার ফোন বাজেয়াপ্ত করে তাতে থাকা ভয়েস মেসেজ ও কথোপকথন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।