জমিতে পুঁতে রাখা লাখ লাখ টাকা মুহূর্তেই মাটি! কৃষকের কাণ্ড দেখে চোখ কপালে

জমিতে পুঁতে রাখা লাখ লাখ টাকা মুহূর্তেই মাটি! কৃষকের কাণ্ড দেখে চোখ কপালে

রাজস্থানের বারমেঢ় জেলার এক প্রবীণ কৃষকের আজব ও মর্মান্তিক কাণ্ড সোশাল মিডিয়ায় এখন ভাইরাল। পরিবারের অগোচরে জমি বিক্রির প্রায় পাঁচ লক্ষ টাকা পলিথিন ব্যাগে ভরে নিজের কৃষিজমিতে পুঁতে রেখেছিলেন মাঙ্গিলাল মেঘওয়াল। পরিবারের সদস্যরা টাকা খরচ করে ফেলতে পারে কিংবা চুরি হয়ে যাওয়ার ভয়ে এই গোপন পথ বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু অতিরিক্ত মদের নেশায় মগ্ন থাকায় কিছুদিন পরেই জমিটির ঠিক কোথায় টাকা পুঁতেছিলেন, তা ভুলে যান ওই কৃষক। দীর্ঘ খোঁজাখুঁজির পরও যখন টাকার হদিশ মেলেনি, তখন বাধ্য হয়ে পরিবারকে পুরো বিষয়টি জানান তিনি।

সম্প্রতি বৃষ্টির পর জমিতে চাষের কাজ করার সময় মাটির নিচ থেকে সেই টাকার পলিথিন ব্যাগটি উদ্ধার হয়। কিন্তু ব্যাগ খুলতেই মাথায় হাত পড়ে মাঙ্গিলাল ও তাঁর পরিবারের। উইপোকা ৫০০ টাকার নোটের বান্ডিলগুলি কেটে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে। ক্ষতিগ্রস্ত নোটগুলি বদলাতে স্থানীয় ব্যাঙ্কে যোগাযোগ করলেও তারা তা গ্রহণ করতে অস্বীকার করে এবং জয়পুরে যাওয়ার পরামর্শ দেয়। আর্থিক অনটনের কারণে জয়পুর যাওয়া সম্ভব নয় বলে কান্নায় ভেঙে পড়েছে কৃষক পরিবার। গোপনীয়তার খেসারত দিয়ে সর্বস্ব হারানোর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *