দিঘার পথে স্বাধীনতা দিবসে ট্র্যাজেডি: নয়ানজুলিতে গাড়ি উলটে নিহত ২, আহত ৩

স্বাধীনতা দিবসের সকালে দিঘা যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ জন পর্যটক। শনিবার সকালে দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে চণ্ডীপুর থানা এলাকার বৃন্দাবনপুরে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ডানকুনি থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি চার চাকার গাড়ি দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বৃন্দাবনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের নয়ানজুলিতে উলটে পড়ে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং ৫ যাত্রীকে চণ্ডীপুর এড়াশাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা স্মরজিৎ দাস (৫৩) ও পিন্টু দাস (৪৫)-কে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৩ জন বর্তমানে চিকিৎসাধীন। স্থানীয়দের অনুমান, টানা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। খবর পেয়ে চণ্ডীপুর থানার পুলিশ এসে ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করে এবং ঘটনার মূল কারণ জানতে তদন্ত শুরু করেছে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।