‘আইনের হাত থেকে রেহাই নেই’—১৩ হাজার কোটির মাদক মামলার পলাতক আসামিকে ভারতে আনল এনসিবি

নয়াদিল্লি: মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করল ভারত সরকার। ১৩,০০০ কোটি টাকার এক মেগা মাদক মামলার মূল অভিযুক্ত তথা পলাতক ড্রাগ কিংপিন বীরেন্দ্র সিং বাসোয়াকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভারতে পৌঁছানোর পরই তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল বাসোয়ার বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিশ’ জারি করেছিল। সেই নোটিশের ভিত্তিতেই গত জুন মাসে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ তাকে গ্রেফতার করে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর অবশেষে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হলো।
মাদক মাফিয়ার এই প্রত্যর্পণকে নরেন্দ্র মোদী সরকারের নীতিগত জয় হিসেবে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে। আমাদের তদন্তকারী সংস্থাগুলো আবারও প্রমাণ করে দিল যে, মাদক পাচারকারীরা পৃথিবীর যেখানেই আত্মগোপন করে থাকুক না কেন, ভারতীয় আইনের হাত থেকে তারা পার পাবে না।