স্বামীর চাকরি থাকলে মিলবে না টাকা! ১৭ অগস্ট থেকে কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার ৩ হাজার?

রাজ্যে কঠোর যাচাইয়ের পর আগামী ১৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা যোজনা’-র টাকা বিতরণ। সরকারি অর্থের অপচয় রোধ করতে বিডিওদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে, যেখানে জুলাই পর্যন্ত ১ কোটি ৭০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। নতুন গাইডলাইন অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিজীবী, পেনশনভোগী কিংবা যাঁদের পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি বা মহিলা নিজে মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জন করেন, তাঁরা এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না।
অন্যদিকে, প্রকৃত যোগ্য প্রার্থীরা যাতে বঞ্চিত না হন, সেজন্য নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম ও পিএম কিষান প্রকল্পের প্রাপকরা অন্যান্য ভাতার পাশাপাশি এই প্রকল্পের ৩ হাজার টাকাও একসঙ্গে পাবেন। এছাড়া গ্রামীণ এলাকার ক্ষেত্রে তিন কক্ষ বিশিষ্ট বাড়ির ও জমির পরিমাণের কড়াকড়ি নিয়ম তুলে নেওয়া হয়েছে। আগামী ১৭ অগস্ট বিকেল থেকে সরাসরি যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে অর্থ দফতর এবং পরবর্তীতে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই অর্থ পৌঁছে যাবে।