অরুণাচলে ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে সেনা শিবির ভাসতেই নিখোঁজ ৫ জওয়ান, ধসে মৃত ৪

অরুণাচলে ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে সেনা শিবির ভাসতেই নিখোঁজ ৫ জওয়ান, ধসে মৃত ৪

অরুণাচল প্রদেশে প্রাকৃতিক দুর্যোগের জেরে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। রাজ্যটির ডিবাং ভ্যালি জেলার পাসু জলতে আচমকা হড়পা বানে ভেসে গিয়েছে সেনাবাহিনীর একটি শিবিরের দুটি আশ্রয়স্থল। স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে এই দুর্ঘটনায় পাঁচ সেনা জওয়ান নিখোঁজ হয়েছেন। ইতিমধ্যে দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও হাবিলদার উপেন্দ্র, কুন্দন, বিনোদ, আদিত্য ও সামুন্ডা নামের বাকি পাঁচ জওয়ানের সন্ধানে এসডিআরএফ, এনডিআরএফ এবং আইটিবিপি-র যৌথ দল জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে।

অন্যদিকে, একই দিনে অরুণাচলের আপার সুবানসিরি জেলার কেওজারিং-বায়াচিং সড়ক নির্মাণস্থলে ভয়াবহ ধস নামে। কাজ চলাকালীন মাটির নিচে চাপা পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এই জোড়া দুর্ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *