৩৪ বছর পর খনিতে ভয়ঙ্কর তাণ্ডব! নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে লক্ষাধিক টাকার লুটপাট

পশ্চিম বর্ধমানের অন্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে ঘটে গেল চাঞ্চল্যকর এক ডাকাতির ঘটনা। শনিবার গভীর রাতে আট থেকে দশ জনের এক সশস্ত্র ও মুখ ঢাকা দুষ্কৃতী দল হানা দেয় খনিতে। ডিউটিরত নিরাপত্তারক্ষীদের আকস্মিক আক্রমণ করে মারধর করা হয় এবং অস্ত্রের মুখে তাদের একটি ঘরে বন্দি করে রাখা হয়। এরপর দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে নগদ টাকা, একাধিক মোবাইল ফোন, এটিএম কার্ড ও গলার চেন লুঠ করে। শুধু তাই নয়, কোলিয়ারির টেলিফোন ভাঙচুরের পাশাপাশি তামার সামগ্রী ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রও চুরি করে চম্পট দেয় তারা।
দীর্ঘ প্রায় চৌত্রিশ বছর পর খনি এলাকায় এমন দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় শ্রমিক ও কর্মচারীদের মধ্যে। রাতের অন্ধকারে কোলিয়ারির মতো সুরক্ষিত চত্বরে এমন দুঃসাহসিক ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।