‘২৪ ঘণ্টার মধ্যে ফুটপাথ খালি করুন, নইলে বুলডোজার নামবে!’ ল্যান্সডাউনে মন্ত্রী অগ্নিমিত্রা পালের আল্টিমেটাম

দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন মার্কেটে ফুটপাথ দখল ও বেআইনি ব্যবসা বন্ধ করতে রবিবার সকালে আচমকা পরিদর্শনে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন ভবানীপুর থানা ও কলকাতা পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শনকালে হকার ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী জানান, ফুটপাথ সাধারণ মানুষের হাঁটার জন্য, ব্যবসার জন্য নয়।
দোকানিদের ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বেআইনি দখল না সরালে পুলিশ এসে গাড়ি এনে সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাবে। এছাড়া দোকানে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করা ত্রিপলের ছাউনি এবং বাজারের আশপাশের বেআইনি পার্কিং নিয়েও তিনি প্রবল ক্ষোভ প্রকাশ করেন। ২৪ ঘণ্টার মধ্যে ফুটপাথ খালি না হলে কঠোর প্রশাসনিক পদক্ষেপের কড়া বার্তা দেওয়ায় বর্তমানে গোটা ল্যান্সডাউন মার্কেট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।