সন্ধ্যা নামলেই গা ছমছম! কাঁকসার দুই স্বাস্থ্যকেন্দ্র কি সত্যিই ভূতের বাংলো?

একসময়ের ঝাঁ চকচকে চিকিৎসা কেন্দ্র আজ পরিণত হয়েছে যেন ভূতের বাংলোয়! পশ্চিম বর্ধমানের কাঁকসার বিদবিহারের শিবপুর এবং মলানদিঘী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশায় চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। চারপাশ জঙ্গল ও আগাছায় ঢাকা থাকায় চত্বরে রয়েছে সাপের উপদ্রব। চিকিৎসকদের আবাসনগুলি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। দিনের মাত্র কয়েক ঘণ্টা কেন্দ্রগুলি খোলা থাকলেও বেশিরভাগ সময়ই চিকিৎসক ও নার্সদের দেখা মেলে না। রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
জরুরি প্রয়োজনে এই দুই এলাকার মানুষকে বাধ্য হয়ে প্রায় কুড়ি কিলোমিটার দূরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটতে হয়, যেখানে রাতের দিকে অ্যাম্বুল্যান্স পাওয়াও কঠিন হয়ে দাঁড়ায়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, অবিলম্বে এই স্বাস্থ্যকেন্দ্রগুলি সংস্কার করে চব্বিশ ঘণ্টা পরিষেবা চালু করা হোক। যদিও স্বাস্থ্যকর্তাদের দাবি, তারা ব্লক প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন এবং সরকারের বাড়তি নজরদারির অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।