৮ কোটি গাড়ির জন্য বড় খবর! ই-২০ বিতর্কের মাঝে পুরনো যানবাহনে ফিরছে ই-১০ পেট্রোল?

দেশজুড়ে ই-২০ পেট্রোল নিয়ে তীব্র বিতর্কের মাঝেই পুরনো যানবাহনের স্বার্থে ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার প্রস্তাব দিলেন ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি. অনন্ত নাগেশ্বরণ। গাড়িপ্রেমীদের অভিযোগ, উচ্চ ইথানল-মিশ্রিত ই-২০ জ্বালানি মাইলেজ কমায় এবং যন্ত্রাংশের ক্ষতি করে। এই প্রসঙ্গে নাগেশ্বরণ স্পষ্ট জানান, ইঞ্জিনের ক্ষতির দাবি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও ইথানল উৎপাদনে অতিরিক্ত জমি ও জল ব্যবহারের ফলে খাদ্য ও জ্বালানির মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব এড়িয়ে চলা উচিত। এছাড়া দেশে প্রায় ৮ কোটি পুরনো কার্বুরেটরভিত্তিক দু-চাকার গাড়ি রয়েছে, যা ই-২০-এর সঙ্গে মানানসই নয়। ফলে জ্বালানির বাজার এবং সাধারণ মানুষের উদ্বেগ কমাতে E20-এর পাশাপাশি E10 পেট্রোল উপলব্ধ করার গুরুত্ব তুলে ধরেছেন তিনি।
বর্তমানে ভারতে বিএস-৪ মানদণ্ডের আগের প্রায় সাড়ে সাত থেকে আট কোটি দু-চাকার গাড়ি সক্রিয় রয়েছে। এই সব গাড়ির পুরনো কার্বুরেটর এবং নন-ইথানল সহনশীল রাবার সিল ই-২০ ব্যবহারের ফলে দ্রুত নষ্ট ও অতিরিক্ত উত্তপ্ত হতে পারে। নাগেশ্বরণের মতে, এই বিশাল সংখ্যক পুরনো যানবাহনকে রাতারাতি আধুনিকায়ন করা প্রায় আসাম্ভব। তাই মূল নীতি মেনে পেট্রোল পাম্পগুলোতে নতুন গাড়ির জন্য ই-২০ চালু রাখার পাশাপাশি পুরনো গাড়ির জন্য ৯০ শতাংশ পেট্রোল ও ১০ শতাংশ ইথানলের মিশ্রণে তৈরি ই-১০ জ্বালানি চালুর সুপারিশ করা হয়েছে। এই পদক্ষেপ একদিকে যেমন পুরনো গাড়ির মালিকদের বড়সড় স্বস্তি দেবে, তেমনই ই-২০ ঘিরে তৈরি হওয়া সাধারণ মানুষের ভীতি কাটাতেও সাহায্য করবে।