সন্তান জন্মালেই ৫ হাজার থেকে ৬ হাজার টাকা, এই সরকারি সুবিধা কীভাবে পাবেন?

গর্ভবতী ও সদ্য মা হওয়া মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের ‘পিএম মাতৃ বন্দনা যোজনা’ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই প্রকল্পের অধীনে প্রথম সন্তানের জন্মে মিলবে ৫ হাজার টাকা এবং দ্বিতীয় সন্তান কন্যা হলে পাওয়া যাবে ৬ হাজার টাকা। ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে মনে রাখতে হবে, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কন্যা সন্তান হওয়া বাধ্যতামূলক এবং দুই সন্তানের অধিক হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। প্রথম কিস্তির টাকা পেতে গর্ভাবস্থায় রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় চেক-আপ আবশ্যিক।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে এবং বয়স হতে হবে ১৮ বছর ৭ মাস থেকে ৫৫ বছরের মধ্যে। দারিদ্রসীমার নিচে বসবাসকারী, রেশন কার্ডধারী, আয়ুষ্মান ভারত ও পিএম কিষাণ যোজনার উপভোক্তা, জব কার্ডধারী, বিশেষ চাহিদাসম্পন্ন মহিলা এবং আশা বা অঙ্গনওয়াড়ি কর্মীরা এই প্রকল্পের যোগ্য। প্রার্থীরা সরকারি পোর্টালে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা প্রয়োজনে অফলাইনেও আবেদন করা যাবে।