৩ জেলায় লাল সতর্কতা! শক্তি বাড়িয়ে আছড়ে পড়ছে নিম্নেচাপ, ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণ ও উত্তরবঙ্গ

৩ জেলায় লাল সতর্কতা! শক্তি বাড়িয়ে আছড়ে পড়ছে নিম্নেচাপ, ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণ ও উত্তরবঙ্গ

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে সৃষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ‘ওয়েল মার্কড লো প্রেসার’-এ পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় এটি আরও ঘনীভূত হতে পারে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুরসহ একাধিক নিচু এলাকা টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রবল দুর্যোগের আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং বর্ধমানসহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় এবং উপকূলীয় অঞ্চলে ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারায় মৎস্যজীবীদের মঙ্গলবারের আগে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও নিম্নাঞ্চলেও ভারী বৃষ্টির দাপট বজায় থাকবে। ১৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামা এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জেরে শহর ও উপকূলের নিচু এলাকাগুলোতে জল জমে পরিস্থিতি জটিল হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সার্বিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজ্যবাসীকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *