একুশের পর এ বার টিএমসিপির প্রতিষ্ঠা দিবস নিয়ে আইনি লড়াই! আদালতের দ্বারস্থ কালীঘাট শিবির!
.jpeg.webp?w=1200&fit=1200,799&ssl=1)
একুশে জুলাইয়ের কর্মসূচির পর এ বার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরেও জল গড়াল আদালতে। আগামী ২৮ অগস্ট সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী টিএমসিপি। আন্দোলনকারী পক্ষের আইনজীবী অর্ককুমার নাগ জানান, প্রতিষ্ঠা দিবসের অনুমতি চেয়ে গত ২৭ জুলাই পুলিশ প্রশাসনের কাছে লিখিত আবেদন জানানো হয়েছিল। পরবর্তী সময়ে ৩ ও ৭ অগস্ট চিঠি দেওয়া হলেও লালবাজার বা স্থানীয় প্রশাসনের তরফে কোনো উত্তর না মেলায় বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হতে হয়েছে। আগামী বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটির জরুরি শুনানির সম্ভাবনা রয়েছে।
নির্বাচনী বিপর্যয়ের পর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অভ্যন্তরীণ ত্রিবিভাজন বেশ স্পষ্ট। এর আগে একুশের কর্মসূচিতেও এর প্রভাব দেখা গিয়েছিল। এই পরিস্থিতিতে ঐতিহ্যবাহী মেয়ো রোডের ময়দান কোন গোষ্ঠী দখলে রাখবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে অতীতে চলে আসা প্রথা বজায় রেখে এ বছরও মেয়ো রোডেই নিজেদের মূল সভা করতে বদ্ধপরিকর কালীঘাট শিবির। এখন আদালতের নির্দেশই ঠিক করবে আগামী দিনের রাজনৈতিক ময়দানের সমীকরণ।