ভিডিও কলে শেষ কথা, তারাপীঠের আগুনে মৃত আলিপুরদুয়ারের গাড়িচালক!

তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে। মৃতদের মধ্যে চারজন আলিপুরদুয়ারের এবং পাঁচজন মেঘালয়ের বাসিন্দা। নিহতদের তালিকায় রয়েছেন আলিপুরদুয়ারের এক গাড়িচালক কমল রায়, যাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পেটের টানে কাজের সন্ধানে তারাপীঠে গিয়েছিলেন তিনি। রবিবার রাতে স্ত্রীর সঙ্গে শেষবার ভিডিও কলে কথা হয় তাঁর। সোমবার সকালে শিবের মাথায় জল ঢালার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। বেলার দিকে আসে তাঁর মৃত্যুর মর্মান্তিক খবর। দুই সন্তান ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে সদ্য স্বামীহারা তরুণীর।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। ঘটনার জেরে তারাপীঠের সমস্ত হোটেলেই কঠোর ফায়ার অডিটের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং জেলাশাসকের তরফে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। পাশাপাশি, আহতদের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। এই আকস্মিক বিপর্যয়ে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।