হরমুজ নিয়ে চরম হুঁশিয়ারি ট্রাম্পের! অনিশ্চিত মার্কিন-ইরান চুক্তি, ফের বড় বিপদের মুখে মধ্যপ্রাচ্য?

আমেরিকা ও ইরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির ৬০ দিনের সময়সীমা পার হলেও এখনও কোনো স্থায়ী ও চূড়ান্ত ডিল স্বাক্ষরিত হয়নি। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে অনিশ্চয়তা ও আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, জুনের ওই চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। তাঁর মতে, তেহরান চুক্তি করতে চাইলেও প্রয়োজনীয় শর্ত বা সমঝোতায় রাজি হচ্ছে না। ইরানের পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যকার দূরত্ব এখন আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে, যা ভূ-রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
হরমুজ প্রণালী প্রসঙ্গে ট্রাম্প নিজের কড়া অবস্থান পুনর্ব্যক্ত করে দাবি করেছেন যে, জলপথে মার্কিন অবরোধ অত্যন্ত কার্যকর হয়েছে এবং প্রণালীটি এখনও তেল পরিবহনের জন্য খোলা রয়েছে। তবে তিনি এও স্বীকার করেছেন যে, জলে মাইন পেতে রেখে ইরান কিছুটা সমস্যা তৈরি করতে পারে। মুদ্রাস্ফীতি ও সামরিক বিপর্যয়ের জেরে ইরান বর্তমানে তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নির্ধারিত ৬০ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও দুই দেশের মধ্যে কোনো স্থায়ী সমঝোতার পথ তৈরি না হওয়ায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।