নদীয়ায় ভুয়ো কর্মীদের ওপর কড়া নজর! ভোটার তালিকা মিলেই বাতিল হতে চলেছে প্রায় ১ লক্ষ জবকার্ড

নদীয়া জেলায় ভুয়ো কর্মী ছাঁটাইয়ে বড় পদক্ষেপ নিল জেলা প্রশাসন। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে জেলায় প্রায় ১ লক্ষ জবকার্ড বাতিল হতে চলেছে। একশো দিনের কাজের পরিবর্তে চালু হওয়া ‘ভিবি জিরামজি’ প্রকল্পে ভুয়ো নাম বাদ দিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের নদীয়া সফরে পেশ করা প্রশাসনিক রিপোর্টে দেখা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় চিহ্নিত ২ লক্ষ ১৬ হাজার ৫৭৭ জন মৃত বা স্থানান্তরিত ভোটারের মধ্যে ৯৪ হাজার ৪৮৪ জনের নাম ছিল ১০০ দিনের কাজের তালিকায়।
প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে প্রায় ৮০ হাজার ভুয়ো নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। পাশাপাশি, স্বচ্ছতা বজায় রেখে ৩৮ হাজার ৭০২ জন নতুন কর্মীকে অন্তর্ভুক্ত করায় জেলায় ভিবি জিরামজি প্রকল্পে মোট কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৫৯ হাজার ৪২৬। কর্মীদের ১২৫ দিনের কাজের গ্যারান্টি দেওয়ার পাশাপাশি চলছে ই-কেওয়াইসি প্রক্রিয়া। বর্ষার কারণে কাজ ব্যাহত হওয়ায় বনদপ্তরের সঙ্গে মিলে বৃক্ষরোপণ কর্মসূচি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে প্রশাসনিক প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।