বিদেশি ইঞ্জিন ছাড়াই আকাশে উড়ল ভারতের প্রথম দেশীয় ‘দিব্যাস্ত্র’!

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করল ভারত। কাওয়া ইউএভি প্রাইভেট লিমিটেডের অন্তর্গত সংস্থা হোভারইটের তৈরি দেশের প্রথম দেশীয় জেটচালিত লয়টারিং মিউনিশন বা নির্ভুল আঘাত হানতে সক্ষম ‘দিব্যাস্ত্র এমকে৩’ গত ১১ আগস্ট সফলভাবে তার প্রথম উড়ান সম্পন্ন করেছে। এই অস্ত্র ব্যবস্থার সবচেয়ে বড় দিক হলো, এর চালনার জন্য কোনো ধরনের বিদেশি জেট ইঞ্জিন বা বিদেশি যন্ত্রাংশ ব্যবহার করা হয়নি। ডিজি প্রপালশনের মাধ্যমে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ইঞ্জিন প্রমাণ করে যে, গবেষণা থেকে উৎপাদন—পুরো প্রক্রিয়াটিই ভারতীয় শিল্প পরিকাঠামোয় সম্পন্ন হয়েছে।
বর্তমান আধুনিক যুদ্ধে ড্রোন এবং লয়টারিং মিউনিশনের ব্যবহার কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রচলিত ক্ষেপণাস্ত্রের বিপরীতে এই ধরনের অস্ত্র নির্দিষ্ট এলাকায় কিছুক্ষণ ঘুরে বেড়িয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। প্রকল্প শুরুর মাত্র এক বছরের মধ্যে এই ঐতিহাসিক সাফল্য অর্জিত হওয়ায়, প্রতিরক্ষা প্রযুক্তিতে বিদেশি নির্ভরতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে ভারত এক বিশাল পদক্ষেপ ফেলল। ‘দিব্যাস্ত্র এমকে৩’-এর এই সফল উড়ান দেশের আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।