অবশেষে বঙ্গোপসাগরের নিম্নচাপ সরছে প্রতিবেশী রাজ্যে, দুর্যোগ কাটবে কবে?

বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ড ও বিহারের দিকে এগিয়ে চলেছে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আবহ কেটে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আগামী শুক্রবারের মধ্যে গোটা দক্ষিণবঙ্গেই আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নোচাপের প্রভাব পুরোপুরি না কাটায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের জলপথে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে দুর্যোগের দাপট কমলেও পশ্চিম ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের আমেজ বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়ায় বৃষ্টির দাপট বজায় থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।