ই-চালান না মিটিয়ে এড়িয়ে চলছেন? অজান্তেই নামছে বড় বিপদ, বাতিল হতে পারে ড্রাইভিং লাইসেন্সও!

রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে ট্রাফিক আইন অমান্য করে ই-চালানের ফাঁদে পড়া এখন খুবই সাধারণ বিষয়। কিন্তু অনেকেই ভাবেন, কিছুদিন এড়িয়ে চললে বা পাত্তা না দিলে এই চালান হয়তো সিস্টেম থেকে আপনাআপনিই মুছে যাবে! আপনিও কি এমনটাই ভাবছেন? তবে জেনে রাখুন, এই ভুল ধারণাই আপনাকে ঠেলে দিতে পারে চরম আইনি জটিলতায়। সময়মতো চালান পরিশোধ না করলে বিষয়টি কীভাবে আপনার জন্য বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে, দেখে নিন—
১. আপনার গাড়ির নথিতে চিরস্থায়ী দাগ: ই-চালান কখনোই নিজে থেকে বাতিল হয় না। এটি আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর বা আরসি (RC)-র সরকারি রেকর্ডে স্থায়ীভাবে জমা হয়ে যায়। নির্ধারিত সময় পার হয়ে গেলে অনেক রাজ্যে জরিমানার অঙ্ক বহুগুণ বেড়ে যায়। পরবর্তীতে গাড়ির যেকোনো নথি পরীক্ষার সময় এই বকেয়া চালানের তথ্য সামনে চলে আসবে।
২. মামলা সোজা গড়াবে ট্রাফিক আদালতে: অনলাইনে জরিমানা জমা না দিলে ট্রাফিক কর্তৃপক্ষ আপনার কেসটি সরাসরি ট্রাফিক ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দেয়। সে ক্ষেত্রে আদালতের নোটিশ আপনার রেজিস্টার্ড মোবাইলে পাঠানো হয়। তবে আপনার মোবাইল নম্বর বদলে গেলে বা নোটিশ নজর এড়িয়ে গেলে, আপনার অজান্তেই আইনি প্রক্রিয়া এগোতে থাকবে।
৩. অনুপস্থিতিতেই হতে পারে একতরফা আইনি সিদ্ধান্ত: আদালতের নির্দিষ্ট দিনে উপস্থিত না থাকলে বা আইনি আবেদন না জানালে বিচারক আপনার অনুপস্থিতিতেই রায় বা ‘এক্স-পার্টি প্রসিডিংস’ (Ex-parte proceedings) দিতে পারেন। এর ফলে আপনার নামে সরাসরি আদালতের সমন বা পরোয়ানা জারি হতে পারে—যা শুধু একটি সামান্য জরিমানার বিষয় থাকে না, রীতিমতো গুরুতর আইনি মামলা হয়ে দাঁড়ায়।
৪. লাইসেন্স ও আরসি (RC) হতে পারে ব্লক: দীর্ঘদিন ধরে চালান মেটানো না থাকলে সরকারি সিস্টেমে আপনার গাড়িটিকে ‘ব্ল্যাকলিস্ট’ বা ফ্ল্যাগড করে দেওয়া হতে পারে। এমনকি ওভারস্পিডিং, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বা বিপজ্জনক ড্রাইভিংয়ের মতো অপরাধ থাকলে আদালত সরাসরি আপনার ড্রাইভিং লাইসেন্স স্থগিত বা চিরতরে বাতিল করার নির্দেশ দিতে পারে।
৫. গাড়ি বিক্রি ও ইনস্যুরেন্সে বিশাল বাধা: আপনার গাড়ির নামে বকেয়া চালান ঝুলতে থাকলে পুরোনো গাড়ি বিক্রি করা প্রায় আসাম্ভব হয়ে পড়বে। আজকাল যেকোনো সতর্ক ক্রেতা বা সেকেন্ড-হ্যান্ড গাড়ি কেনাবেচার প্ল্যাটফর্ম আগে অনলাইন রেকর্ড খতিয়ে দেখে। বকেয়া চালান থাকলে ক্রেতারা গাড়ি কিনতে চাইবেন না। এমনকি নতুন করে গাড়ির ইনস্যুরেন্স করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে।
এখনই আপনার করণীয় কী? যদি সন্দেহ থাকে যে আপনার গাড়ির নামে কোনো বকেয়া ই-চালান আছে, তবে দেরি না করে এখনই সরকারি অফিসিয়াল পোর্টালে (যেমন: eChallan portal) গিয়ে স্টেটাস চেক করে নিন। চালান এখনো অনলাইন পোর্টালে থাকলে দ্রুত জরিমানা মিটিয়ে দিন। আর বিষয়টি যদি আদালত পর্যন্ত গড়িয়ে থাকে, তবে আইনি নিয়ম মেনে তা দ্রুত নিষ্পত্তি করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
মনে রাখবেন, ট্রাফিক চালান এড়িয়ে গেলে সমস্যা তো মেটেই না, বরং আইনি বিপদ আরও বাড়ে!