মুহূর্তের ব্যবধানে রক্ষা! কালিম্পঙে পাহাড় কেটে নামল ধস, বাইকারের বুদ্ধিতেই বাঁচল প্রাণ

পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে স্বাভাবিকভাবেই যাচ্ছিলেন এক যুবক। আচমকাই পাহাড়ের গা বেয়ে হুড়মুড়িয়ে নেমে এল ধস! মাত্র কয়েক সেকেন্ডের সতর্কতায় দ্রুত বাইক ঘুরিয়ে জীবন বাঁচালেন ওই আরোহী। কালিম্পংয়ের বিন্দু এলাকার এই হাড়হিম করা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে বরাতজোরে বেঁচে গেছেন তিনি।
ধসের পর বিন্দুর মূল সড়কে সম্পূর্ণ যান চলাচল ব্যাহত হয়। বর্ষায় পাহাড়ি রাস্তায় ধস নামার আশঙ্কা থাকলেও, কোনো সতর্কবার্তা ছাড়াই এত দ্রুত ধ্বংসাবশেষ নেমে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
অন্যদিক, জম্মু-কাশ্মীরের সোনমার্গের জোজিলা পাসের কাছেও নেমেছে ভয়াবহ ধস। বৃহস্পতিবার রাঙ্গা মোড় এলাকায় মেঘভাঙা বৃষ্টির কারণে পাহাড়ি কাদা ও পাথর নেমে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। আচমকা জলস্ফীতির কারণে স্থানীয়দের নদী ও জলপ্রপাতের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে দুটি ঘটনাই কোনো প্রাণহানি ঘটায়নি, যদিও সড়ক যোগাযোগ ব্যবস্থায় চরম বিপর্যয় তৈরি হয়েছে।