বিরোধী দলনেতা পদে ঋতব্রতই, ডিভিশন বেঞ্চের রায়ে তীব্র অস্বস্তিতে কালীঘাট তৃণমূল!

বিধানসভার বিরোধী দলনেতার আসন নিয়ে চলমান আইনি লড়াইয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের দাবি জানিয়ে মামলায় অংশ নেওয়ার জন্য তাদের করা আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এর ফলে বিধানসভার স্পিকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আপাতত বিরোধী দলনেতার আসনে বহাল থাকছেন ‘আসল তৃণমূলের’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে স্পিকারের এই সিদ্ধান্তটি ‘অস্থায়ী’। শেষ পর্যন্ত স্থায়ী বিরোধী দলনেতার দায়িত্বে কে বসবেন, তা নির্ধারিত হবে মূল আইনি প্রক্রিয়ার মাধ্যমেই।
উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে আগামী দুই মাসের মধ্যে সিঙ্গেল বেঞ্চকে এই মূল মামলার চূড়ান্ত নিষ্পত্তি করতে হবে। একক বেঞ্চে শুনানি ও চূড়ান্ত রায়দান সম্পন্ন হওয়ার পরেই স্থায়ী বিরোধী দলনেতার পদের বিষয়টি স্পষ্ট হবে। তবে আপাতত ডিভিশন বেঞ্চের এই অবস্থানের কারণে কালীঘাট তৃণমূলের পরবর্তী আইনি পদক্ষেপ এবং বিধানসভার রাজনীতির গতিপ্রকৃতির দিকে নজর রাখছে রাজনৈতিক পর্যবেক্ষণ মহল। মামলা সিঙ্গেল বেঞ্চে ফিরে যাওয়ায় আগামী দিনগুলো রাজ্য রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।