হরমুজ প্রণালী আমেরিকার! মধ্যপ্রাচ্যে তুঙ্গে চরম উত্তেজনা!

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তীব্র আকার ধারণ করেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে আমেরিকার নতুন ভূখণ্ড বলে দাবি করেছেন। এই সংক্রান্ত একটি মানচিত্র প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি অনুযায়ী, আমেরিকা ইতিমধ্যেই এই কৌশলগত জলপথের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং নৌ-অবরোধের মাধ্যমে তা পরিচালিত হচ্ছে। ট্রাম্পের এমন আকস্মিক ও বিতর্কিত ঘোষণায় পারস্য উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।
ট্রাম্পের এই দাবির সম্পূর্ণ বিপরীত ও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, পূর্বে হওয়া সমঝোতা স্মারকের প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই প্রণালী বন্ধ রাখা হবে। ইরানের শীর্ষ আলোচনাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরোধ তুলে নেওয়া এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ মুক্ত না করা পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ উন্মুক্ত করা হবে না। দুই দেশের এই অনমনীয় অবস্থানে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে।