বিহারে মিড-ডে মিলে চরম গাফিলতি: নুনের বদলে খাবারে ডিটারজেন্ট, অসুস্থ ৪০ শিক্ষার্থী

বিহারের নালন্দা জেলার পারাসি মিডল স্কুলে মিড-ডে মিলের খাবার খেয়ে অন্তত ৪০ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। সয়াবিনের তরকারিতে নুনের বদলে ভুলবশত ডিটারজেন্ট পাউডার মিশিয়ে দেওয়ায় এই মর্মান্তিক বিষক্রিয়ার ঘটনা ঘটে। অসুস্থ শিশুদের পেটে ব্যথা ও বমির উপসর্গ দেখা দিলে তড়িঘড়ি বিহার শরিফ মডেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার নূরসরাই থানা এলাকার ওই স্কুলে। জানা গিয়েছে, স্কুলের খাবার বাইরে থেকে সরবরাহ করা হয়েছিল। খাওয়ার সময় তরকারিতে নুন কম থাকায় শিক্ষার্থীরা বাড়তি নুন চায়। অভিযোগ, সে সময় অসাবধানতাবশত নুনের জায়গায় ডিটারজেন্ট পাউডার দিয়ে দেওয়া হয়। সেই খাবার খাওয়ার পরপরই শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ক্ষুব্ধ অভিভাবকরা হাসপাতালে ভিড় জমান এবং গাফিলতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। তবে নালন্দার সিভিল সার্জন ড. জয় প্রকাশ সিং জানিয়েছেন, চিকিৎসাধীন সব শিক্ষার্থীই বর্তমানে বিপদমুক্ত এবং তাদের অবস্থা স্থিতিশীল।
ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। থালা-বাসন ধোয়ার ডিটারজেন্ট কীভাবে খাবারের পাশে এল এবং তা পরিবেশন করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের গ্রামোন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার হাসপাতালে গিয়ে শিশুদের খোঁজখবর নেন এবং জানান, তদন্তে দোষী প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।