দুইয়ের বেশি সন্তান জন্ম দিলেই কঠোর শাস্তি! রাজ্যে কি আসছে নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন?

রাজ্যের বিভিন্ন প্রান্তে ১৩-১৪টি সন্তান প্রসব করতে গিয়ে প্রসূতির মৃত্যুর হৃদয়বিদারক ঘটনা এবং নাবালিকা গর্ভধারণের প্রবণতা গভীর উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে মাতৃমৃত্যু রোধ ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে এবার কঠোর আইন আনার কথা ভাবছে রাজ্য সরকার। সম্প্রতি স্বাস্থ্যভবনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিবারে সর্বোচ্চ দুটি সন্তান রাখার নীতি চালুর বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পর্যালোচনায় স্পষ্ট হয়েছে যে, অল্প বয়সে গর্ভধারণ এবং পর্যাপ্ত ব্যবধান না রেখে পরপর সন্তান জন্ম দেওয়াই এই ভয়াবহ পরিণতির প্রধান কারণ।
বিশেষ করে মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে নাবালিকা গর্ভধারণের চিত্রটি অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছে প্রশাসন। এই প্রেক্ষাপটে পরিবার পরিকল্পনাকে আরও জোরালো করতে এবং সচেতনতা বাড়াতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিনামূল্যে গর্ভনিরোধক পরিষেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। তবে দুই সন্তান নীতি সংক্রান্ত এই ভাবনাটি বর্তমানে সম্পূর্ণভাবে সরকারের বিবেচনাধীন স্তরে রয়েছে এবং আইনটির নির্দিষ্ট নিয়ম বা শাস্তিমূলক বিধান সম্পর্কে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।