সরকারি ব্যাংকে ‘কুল’ ছোঁয়া: জেন জি-র মন জয় করতে অর্থমন্ত্রীর নতুন চমক!

পুরোনো ভাবমূর্তি বদলে তরুণ প্রজন্ম বা ‘জেন জি’ (Gen Z)-কে আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকারি ব্যাংকগুলো। দিল্লিতে আয়োজিত ‘পিএসবি কনফ্লুয়েন্স ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, তরুণদের বড় একটি অংশ বেসরকারি ব্যাংককে বেশি আধুনিক মনে করে। এই ব্যবধান দূর করতে নিরাপত্তা বা ব্যাংকিং নিয়ম বজায় রেখেই সরকারি ব্যাংকগুলোকে তরুণদের পছন্দ ও চাহিদার ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
তরুণদের আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে আগামী ২ অক্টোবর থেকে মাসব্যাপী ‘ব্যাংকিং ফর ইয়ুথ’ প্রচার অভিযান শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। মূলত ১৬ বছর বা তার বেশি বয়সের শিক্ষার্থীদের লক্ষ্য করে এই কার্যক্রম চলবে। শুধু নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলাই নয়, বরং কলেজ থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত তরুণদের পাশে থাকাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এজন্য ব্যাংকের প্রতিনিধিরা সরাসরি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রগুলোতে গিয়ে যোগাযোগ করবেন।
নতুন এই পরিকল্পনার অংশ হিসেবে ব্যাংকগুলোতে বিশেষ ‘যুব কিয়স্ক’ এবং ‘যুব ব্যাংকিং মিত্র কাউন্টার’ তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। তরুণদের আগ্রহ বাড়াতে এর সঙ্গে অনলাইন কোর্স, ফিটনেস কুপন এবং মানসিক স্বাস্থ্য সহায়তা প্ল্যাটফর্ম যুক্ত করার চিন্তাভাবনা রয়েছে। এছাড়া তরুণ উদ্যোক্তাদের সহজে লোন পাওয়া, ক্রেডিট স্কোর বোঝা এবং সরকারি আর্থিক প্রকল্পের সুবিধা নিতে সাহায্য করবে সরকারি ব্যাংকগুলো।