ক্লাসকক্ষে মিলল মদের বোতল ও কন্ডোম! উত্তাল সন্দেশখালির স্কুল!

উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়া হাইস্কুলের ক্লাসরুম থেকে মদের বোতল ও কন্ডোমের প্যাকেট উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা এবং পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশ। এই আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রতিবাদে শামিল হন কয়েকজন শিক্ষক-শিক্ষিকাও। ছাত্রীদের নিরাপত্তা ও স্কুলের শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার অভিযোগে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধান শিক্ষক মহম্মদ উজির আলি মোল্লা নিয়মবহির্ভূতভাবে স্কুল পরিচালনা করেন এবং নানা অনিয়মে যুক্ত। যদিও সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করে প্রধান শিক্ষক দাবি করেছেন, স্কুলের ভেতর এমন কোনো ঘটনাই ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ন্যাজাট থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।