ভরা বাজারে স্বামীর প্রেমিকাকে হাতেনাতে ধরে রক্তারক্তি কাণ্ড ঘটালেন ক্ষুব্ধ স্ত্রী

নদিয়ার তেহট্ট থানার বেতাই বাজারে বুধবার সকালে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। স্বামীর পরকীয়া সম্পর্কের বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফুঁসছিলেন এক গৃহবধূ। এদিন সকালে তিনি জানতে পারেন, স্বামীর প্রেমিকা বাজারে ঘুরে বেড়াচ্ছেন। খবর পাওয়া মাত্রই পিসিকে সঙ্গে নিয়ে সোজা বেতাই বাজারে পৌঁছে যান ওই স্ত্রী। বাজারের একটি দোকানের বারান্দায় ওই মহিলাকে দেখতে পেয়েই আচমকা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন দুজনে। শুরু হয় বেধড়ক মারধর, যার চোটে আক্রান্ত মহিলার নাক-মুখ ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। ভরা বাজারে চোখের সামনে এমন রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হতে দেখে উপস্থিত সাধারণ মানুষের চোখ কপালে ওঠার জোগাড় হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় চালক ওই যুবকের সঙ্গে পাশের গ্রামের এক বিবাহিত মহিলার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এই নিয়ে দম্পতির মধ্যে প্রতিনিয়ত অশান্তি ও বচসা হলেও তোয়াক্কা না করে লুকিয়ে প্রেম চালিয়ে যাচ্ছিলেন যুবক। অবশেষে সুযোগ পেয়ে বাজারে গিয়ে ওই প্রেমিকাকে মারধরের পাশাপাশি তাঁর মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। লোকলজ্জা ও আতঙ্কে ঘটনার আকস্মিকতায় উপস্থিত কেউই আক্রান্তকে বাঁচাতে এগিয়ে আসার সাহস পাননি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবে পুরো ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে প্রচণ্ড শোরগোল পড়ে গেছে।