মেয়ো রোডে ছাত্র পরিষদের সভা নিয়ে চরম টানাপোড়েন! হাই কোর্টের দ্বারস্থ ঋতব্রতপন্থী তৃণমূল

আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র দড়ি টানাটানি। কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এই ঐতিহ্যবাহী সভা করার অনুমতি চেয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল। এর আগে গত জুলাই ও আগস্ট মাসে পুলিশের কাছে সভার অনুমতির আবেদন জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি। বাধ্য হয়েই আজ, বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার আবেদন জানায় তারা। যদিও আদালত জানিয়েছে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে মামলার শুনানি সম্ভব নয়, তবে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তৃণমূলের অন্দরে অভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট হয়েছে। গত ২১ জুলাই শহিদ দিবসের পর এবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসও পৃথকভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে ঋতব্রত শিবিরের। এর আগে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকেও একই বিষয়ে হাই কোর্টে আবেদন জানানো হয়েছিল। তবে প্রশাসনের তরফ থেকে সভার অনুমতি না মেলায় আদালতের রায়ই এখন এই রাজনৈতিক লড়াইয়ের পরবর্তী দিক নির্ধারণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।