১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে হাইকোর্টের বড় ধাক্কা, কেন থমকে গেল ফল প্রকাশ?
/indian-express-bangla/media/media_files/6arTyH94i9QJlCpIq8rj.jpg?w=640&fit=640,360&ssl=1)
কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের মুখে পড়ল রাজ্য সরকারের ১২,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে বিষয়টি নিয়ে দ্রুত পাবলিক নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। আদালত সূত্রে জানানো হয়েছে, হাইকোর্টে বিচারাধীন এই মামলার চূড়ান্ত রায়ের ওপরই নির্ভর করবে এই বিশাল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ। ২০২৪ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিয়োগ ঘোষণার পর ২০২৫ সালের নভেম্বরে পরীক্ষা এবং চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইন্টারভিউ সম্পন্ন হয়। তবে ফলাফলের অপেক্ষায় থাকা হাজার হাজার চাকরি প্রার্থীর জন্য আদালতের এই নির্দেশ এক বিরাট অনিশ্চয়তা তৈরি করল।
এই মামলার মূল ভিত্তি হলো নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও সংরক্ষণ নীতি না মানার অভিযোগ। মামলাকারী সুদীপ্ত চক্রবর্তীর দাবি, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির (EWS) জন্য নির্ধারিত সরকারি সংরক্ষণ নির্দেশিকা এই প্রক্রিয়ায় যথাযথভাবে মেনে চলা হয়নি। পরীক্ষা ও মেধা তালিকা সংক্রান্ত এই অসন্তোষের জেরে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ধাক্কা সামলাতে হবে প্রার্থীদের। অন্যদিকে, নিয়োগ বিতর্ক এখানেই শেষ নয়; তৃণমূল জমানায় তৈরি উচ্চপ্রাথমিক কর্মশিক্ষা ও শারীরশিক্ষার ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরির বিজ্ঞপ্তি প্রত্যাহার করার কথা বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চকে আজ জানিয়ে দিয়েছে বর্তমান রাজ্য সরকার।