নিট এখন নিশ্ছিদ্র! প্রশ্নফাঁস ঠেকাতে মোদি সরকারের ‘মাস্টারপ্ল্যান’ কী?

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিটকে পুরোপুরি নিশ্ছিদ্র এবং দুর্নীতিমুক্ত করতে একাধিক অভূতপূর্ব পদক্ষেপে গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্টে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষার্থীদের হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর গোপনীয়তা বজায় রাখা হবে। প্রশ্ন পরিবহনকারী গাড়িতে জিপিএস ট্র্যাকিং বসানো হচ্ছে, যাতে সেগুলির গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখা সম্ভব হয়। পাশাপাশি প্রশ্ন প্রস্তুতকারী একাধিক মডারেটরের মধ্যে কেউই চূড়ান্ত প্রশ্নপত্র সম্পর্কে আগাম কিছু জানতে পারবেন না। কেন্দ্রের এই নতুন নিরাপত্তা বেষ্টনী নিটের স্বচ্ছতা ফেরাতে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
পরীক্ষার সার্বিক নিরাপত্তা জোরদার করতে এনটিএ-র প্রধান ও আঞ্চলিক কার্যালয়গুলোতে চব্বিশ ঘণ্টা পেশাদার সুরক্ষাকর্মী মোতায়েনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এই পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে সাড়ে সাত কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। অন্যদিকে, সুপ্রিম কোর্ট এ বিষয়ে রাধাকৃষ্ণন কমিটির একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ কার্যকর করার অগ্রগতি সম্পর্কে কেন্দ্র সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। নির্দেশনায় শীর্ষ আদালত উল্লেখ করেছে যে, কোনো রকম অনভিপ্রেত ঘটনা ছাড়া নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা পরিচালনা করার ক্ষেত্রে ইউপিএসসি-র নিরাপত্তা মডেল থেকে এনটিএ-র শিক্ষা নেওয়া প্রয়োজন।