কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বিস্ফোরক বার্তা, চরম অস্বস্তিতে ইসলামাবাদে তলব মার্কিন কূটনীতিক

কাশ্মীর নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বিস্ফোরক বার্তা, চরম অস্বস্তিতে ইসলামাবাদে তলব মার্কিন কূটনীতিক

জম্মু ও কাশ্মীর সফরে এসে উপত্যকাকে ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’ বলে উল্লেখ করেছেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে এক ফলপ্রসূ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন এবং ভারত ও জম্মু-কাশ্মীরের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার মার্কিন ইচ্ছার কথা ব্যক্ত করেন। এছাড়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে আমেরিকার পক্ষ থেকে কাশ্মীরের জন্য জারি করা ট্রাভেল অ্যাডভাইজরি শিথিল করার পর্যালোচনারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

শীর্ষ মার্কিন কূটনীতিকের এই প্রকাশ্য মন্তব্যে তীব্র তোলপাড় শুরু হয়েছে পাকিস্তানের কূটনৈতিক মহলে। মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রক। শুধু বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেই থামেনি ইসলামাবাদ, মার্কিন বক্তব্যের আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাতে সেখানে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলবও করা হয়েছে। দীর্ঘদিনের পুরনো অবস্থান তুলে ধরে পাকিস্তান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দিয়েছে। কূটনৈতিক মহলের মতে, ওয়াশিংটনের এই নতুন বার্তা আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের কাশ্মীর সংক্রান্ত প্রচারকে বড় ধাক্কা দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *