অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ হতেই ব্যাংককে তুলোধোনা বিচারপতির, বড় নির্দেশ দিল হাইকোর্ট

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। বিদেশ সফরের ঠিক আগেই সাংসদের ব্যাংক অ্যাকাউন্ট এবং দুটি ক্রেডিট কার্ড ফ্রিজ করে দেওয়া হয়। ব্যাংকের পক্ষ থেকে কেওয়াইসির অজুহাত দেওয়া হলে বিচারপতি কৃষ্ণা রাও তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, অনলাইনে কেওয়াইসি ব্যবস্থা চালু থাকা সত্ত্বেও কেন তাঁকে স্বশরীরে ডেকে পাঠানো হলো। ব্যাংক কর্তৃপক্ষের কাছে তিনি কটাক্ষের সুরে জানতে চান, ব্যাংকের কর্মকর্তারা কি অভিষেকের মুখ দেখতে চাইছেন। এমনকি গ্রাহককে না জানিয়ে এভাবে সার্ভিস বন্ধ রাখা এবং চিঠির অসৌজন্যমূলক ভাষারও কঠোর সমালোচনা করে আদালত।
শুনানি চলাকালীন ব্যাংক কর্তৃপক্ষ ইডির মামলার প্রসঙ্গ তুলে নিজেদের অবস্থান পরিবর্তন করার চেষ্টা করলে বিচারপতি আরও ক্ষুব্ধ হন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে ব্যাংক ঘনঘন অবস্থান বদলাতে পারবে না, অন্যথায় সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে ব্যক্তিগতভাবে আদালতে তলব করা হবে। অভ্যন্তরীণ সমস্যার অজুহাতে গ্রাহককে না জানিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করা সম্পূর্ণ নিয়মবহির্ভূত বলে মন্তব্য করেন বিচারপতি। ব্যাংক কর্তৃপক্ষের আইনজীবী কিছুটা বাড়তি সময় প্রার্থনা করায় বিষয়টি নিয়ে আদালত চত্বরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং মামলাটির পুনর্বার শুনানির দিন ধার্য করা হয়েছে।