স্কুলে ডেকে নিয়ে ছাত্রীকে দিয়ে গা হাত পা টেপানোর চাঞ্চল্যকর অভিযোগ

শান্তিপুরের মেলের মাঠ প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের দিয়ে গা-হাত-পা টিপিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো। এই ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক কৌশিক চক্রবর্তীকে ঘরের ভেতর আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে ক্ষুব্ধ মহিলারা ওই প্রধান শিক্ষককে টেনে হিঁচড়ে বারান্দায় বের করে গণপিটুনি দেন। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর অভিভাবক ইতিমধ্যে শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার ভিত্তিতে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার আশ্বাস দিয়েছে।
অভিযোগকারী অভিভাবকের দাবি, ঘটনার দিন দুপুর গড়ালেও মেয়ে বাড়ি না ফেরায় তিনি স্কুলে যান এবং প্রধান শিক্ষকের সঙ্গে মেয়েকে একা দেখতে পান। বাড়ি ফিরে ওই ছাত্রী জানায়, প্রধান শিক্ষক তাকে দিয়ে গা-হাত-পা টিপিয়ে নিয়েছেন এবং বিনিময়ে চিপস-চকলেট কিনে দিয়েছেন। এছাড়া স্কুলে পঠন-পাঠনের মান খারাপ হওয়া এবং কম সংখ্যক ছাত্র-ছাত্রী থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। অন্যদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক কৌশিক চক্রবর্তী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তিনি কখনোই এমন কাজ করেননি এবং তাঁর বিরুদ্ধে করা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।